অনুদান বরাদ্দ পেলো ৭ টেকনিক্যাল কলেজ

১৬ জুলাই, ২০২৩ ১৪:২৮  

দেশের উন্নয়নে দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আরও ফিজিক্স, আরও কেমিস্ট্রি, আরও অংক বিষয়ে পড়তে হবে। বাস্তব কাজ শেখা খুব জরুরি।তাই টেকনিক্যাল শিক্ষা আরও দরকার বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

রোববার (১৬ জুলাই) সকালে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন পরিকল্পনা মন্ত্রী।

আগারগাঁও বিনিয়োগ বোর্ডের মাল্টিপারপাস অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান (সচিব) নাসরীন আফরোজ। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন।  অনুষ্ঠানে বিভিন্ন কোর্সের উপর ৭টি প্রশিক্ষণ কেন্দ্রকে এনএসডিএর বরাদ্দের চেক হস্তান্তর করা হয়। কেরানীগঞ্জ টেকনিক্যাল উজ্জলা লি. শ্যামলি আইডিয়াল টেকনিক্যাল কলেজ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এই বরাদ্দ পেয়েছে।